
নিউজ ডেস্কঃ অর্পিত সম্পত্তি ফিরে পেতে একজন ভুক্তভোগীকে গড়ে প্রতি মামলায় ২ লাখ ২৭ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। এর মধ্যে অর্ধেক,অর্থাৎ ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে ঘুষ দিতে। সম্পত্তি ফিরে পেতে এ যাবৎ ২ লাখ আবেদনকারীকে ঘুষ দিতে হয়েছে কমপক্ষে ২ হাজার ২৭০ কোটি টাকা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের ফলাফল এবং এর বাস্তবায়নের প্রভাব’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন,এ হিসাব অমূলক,তা বলা যাবে না। তবে ঘুষের পরিমাণ বেশি বলে মনে হয়েছে।অর্পিত সম্পত্তি নিয়ে দেশের প্রথম গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত এ গবেষণাটির নেতৃত্ব দেন। অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে এ ধরনের গবেষণা এই প্রথম। ভূমি নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় গবেষণাটি পরিচালিত হয়। কাল রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এ গবেষণাটি তুলে ধরা হবে।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়,ক ও খ তালিকা মিলিয়ে দেশে অর্পিত সম্পত্তির মোট পরিমাণ ৯ লাখ ৬২ হাজার ৬১২ একর। সরকার ‘খ’ তফসিল বাতিল করার ফলে এখন ‘ক’ তালিকাভুক্ত প্রত্যর্পণ বা ফেরতযোগ্য অর্পিত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ১৯১ একর। এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন,অনিয়ম,দুর্নীতির কারণে সম্পত্তি ফেরত পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাস্তবে মাঠপর্যায়ে বাস্তবায়নের পরিস্থিতি দেখতেই এ গবেষণা করা হয়। অর্পিত সম্পত্তির পরিমাণ বেশি আছে, দেশের এমন সাতটি জেলায় এ গবেষণার তথ্য সংগ্রহ করা হয়। অর্পিত সম্পত্তির মামলার ৪৩টি ঘটনার বিষয়ে তথ্যানুসন্ধান, ৪৬ জন সুনির্দিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার এবং নথি বিশ্লেষণের মাধ্যমে এ গবেষণা হয়।
গবেষণা চলে ২০১৬ সালের ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। গবেষণায় দেখা গেছে ১ থেকে ৫০ শতাংশ জমির মালিকদের গড়ে ব্যয় হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬৬ টাকা। ৫১ থেকে ১০০ শতাংশ জমির মালিকের খরচ ১ লাখ ৩১ হাজার টাকা। আর ১০০ শতকের বেশি জমির মালিকের গড় ব্যয় ১ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা। গবেষণায় বলা হয়েছে,আইনি প্রক্রিয়ায় যাওয়ার আগে থেকেই ঘুষ পর্ব শুরু হয়। তহশিলদার,উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে নথি তোলার সময়ই বেশি পরিমাণ অর্থ ঘুষ দিতে হয়। এরপর আদালতে দীর্ঘ সময় ধরে মামলা ঝুলে থাকে। সে সময় আইনজীবীদের ফি বাবদ ব্যয়,যাতায়াত ইত্যাদি নানা খরচ করতে হয় সম্পত্তি ফেরত চাওয়া ভুক্তভোগীদের।
আবুল বারকাত বলেন,আমরা যে অর্থ ব্যয় এবং ঘুষের চিত্র পেয়েছি,বাস্তবে এর চেয়ে বেশি ব্যয় হয়েছে মানুষের। কারণ,একটি মামলাকে ঘিরে অনিশ্চয়তা, সময় ব্যয়, নিগ্রহ-এসব বিষয় বিবেচনায় নিলে এর আর্থিক দাম ১০ গুণ বেশি হবে।’ ভুক্তভোগীরা চারটি শ্রেণিকে বিচারের রায়ের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করেন। সেগুলো হলো ইউনিয়ন ভূমি কার্যালয়,এসি ল্যান্ডের কার্যালয়, আইনজীবী ও সরকারি কৌঁসুলি। গবেষণার জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৯০ শতাংশই বলেছেন,সম্পত্তি ফিরে পেতে তারা ধারাবাহিক মানসিক চাপের মধ্যে থাকেন। অকারণ ব্যয়,ঋণ করা,সঞ্চয় কমে যাওয়ার ফলে এই মানসিক সমস্যা সৃষ্টি হয় তাঁদের।