
নিউজ ডেস্কঃ উত্তেজনার মধ্যে দিয়েই কক্সবাজার জেলা বিএনপির প্রতিনিধি সভা কোনো অঘটন ছাড়াই আজ শনিবার সম্পন্ন হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে প্রায় এক হাজার তৃণমূল প্রতিনিধির উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভার পূর্বে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন,গণতন্ত্র ছাড়া কোনো দেশ সামনে এগুতে পারে না। উন্নয়নের গণতন্ত্রের নামে আওয়ামী লীগ সরকার খুন-গুম-মিথ্যা মামলা দিয়ে নৈরাজ্যের উৎসব চালাচ্ছে। দেশে ৫ জানুয়ারির স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এছাড়া বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় দল বিএনপিকে বাদ দিয়ে এদেশে আর কোনো নির্বাচনও হবে না।
মীর নাছির বলেন,দেশের গণতন্ত্র রক্ষার ম্যান্ডেট নিয়ে এগুচ্ছে বিএনপি। অথচ দেশের সুসংগঠিত অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র বিএনপি নেতা-কর্মীদের গণতান্ত্রিক সভা-সমাবেশে বাধা প্রদান করছে। নিরস্ত্র মানুষ কোনো অস্ত্রধারি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি হতে পারে না। সরকারের রোষানলে পড়ে কক্সবাজারের জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ মিথ্যা মামলার হুলিয়া নিয়ে আজ ভারতে মানবেতর জীবনযাপন করছে বলে জানান মীর নাছির।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ বলে বিএনপি নালিশ পার্টি। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ বর্তমানে ধর্ণা পার্টিতে পরিণত হয়েছে। দিল্লির কাছে ধর্ণা দিয়ে কোনো রকমে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারতকে নৌ-ট্রানজিটসহ সকল সুযোগ-সুবিধা দিলেও এক ফোটা পানিও আনতে পারেনি।
কক্সবাজারের উন্নয়ন সম্পর্কে সাবেক পর্যটনমন্ত্রী বলেন,বিএনপি সরকারের আমলে সর্বপ্রথম ত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়ে কক্সবাজার বিমান বন্দরের আধুনিকায়ন কাজ শুরু হয়। এছাড়া আজকের মেরিন ড্রাইভ সড়কের পরিকল্পনা,কাজ সবকিছুই বিএনপি সরকারই শুরু করে। অথচ আজ বর্তমান সরকার মিথ্যার আশ্রয় নিয়ে বিমানবন্দর ও মেরিন ড্রাইভ উন্নয়ন কাজ তারা করেছে বলে প্রচার করছে। মনে রাখা উচিত মিথ্যার রাজনীতি বিনাশ হয় আর সত্যের রাজনীতি টিকে থাকে।