
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে হোটেলে আটকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে হেফাজতে নিয়ে (রিমান্ড) জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিভাবে ঘটনার শুরু, দুই শিক্ষার্থীর সঙ্গে তাদের কিভাবে পরিচয়,হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে আসতে বলা, ধর্ষণ, ভিডিও করা ইত্যাদি বিষয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল শনিবার রিমান্ডের প্রথম দিনেই দুই আসামি ধর্ষণের দায় স্বীকার করেছে। অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন।
মামলার তদারক কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের এডিসি আসমা সিদ্দিকা মিলি বলেন,রিমান্ডে দুই শিক্ষার্থীকে রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে এনে ধর্ষণের কথা স্বীকার করেছে সাফাত ও সাদমান। জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। এ মামলার এজাহারভুক্ত বাকি তিন আসামি সাফাতের বন্ধু নাঈম আশরাফ, দেহরক্ষী আবুল কালাম আজাদ ও গাড়িচালক বিল্লালের খোঁজ জানতেও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই তিন আসামি এখনো পলাতক।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়,রেইনট্রি হোটেলের মালিক ও তাঁর ছেলেসহ হোটেলটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে হোটেল কর্তৃপক্ষের কাছে সেই রাতের ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। তবে তারা এখন পর্যন্ত কোনো ফুটেজ দেয়নি। হোটেলটির কর্মকাণ্ড নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট অন্যান্য সংস্থারও এ ঘটনা তদন্তে হোটেলটির ওপর নজর রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টার দিকে রেইনট্রি হোটেলে যায় জাতীয় মানবাধিকার কমিশনের একটি টিম।