
নিউজ ডেস্কঃ অবকাঠামো ও চিকিৎসক-শিক্ষক না থাকা আরো ছয়টি বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ‘হেলদি বাংলাদেশ’ নামের নাগরিক মোর্চার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।স্বাস্থ্যমন্ত্রী বলেন,আমি দায়িত্ব নেওয়ার পর চারটি বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করা হয়েছে। আরো ছয়টি বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন,দেশে ব্যাঙের ছাতার মতো মেডিক্যাল কলেজ হচ্ছে। এসব বন্ধ করতে হবে।
মন্ত্রী বলেন, কিছু বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোনো অবকাঠামো নেই। সেখানে কোনো রোগী থাকে না। সেখানে পরিদর্শনের আগে কর্তৃপক্ষ রোগী ভাড়া করে আনে। কিছু মেডিক্যালে চিকিৎসক ও শিক্ষকও রয়েছে ভাড়াটিয়া হিসেবে। এ ধরনের চিহ্নিত ১০টি মেডিক্যাল কলেজের মধ্যে চারটি বন্ধ করা হয়েছে। বারবার বলার পরও এসব কর্তৃপক্ষ শুধরাচ্ছে না। তারা সতর্ক না হলে অন্যগুলোও বন্ধ করে দেওয়া হবে।