News71.com
 Bangladesh
 15 May 17, 10:43 AM
 216           
 0
 15 May 17, 10:43 AM

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আরও দুই সপ্তাহ সময় পেলো সরকার।।

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আরও দুই সপ্তাহ সময় পেলো সরকার।।

নিউজ ডেস্কঃ বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সময় মঞ্জুর করেন। সর্বশেষ গত ৮ মে শৃঙ্খলাবিধির গেজেট প্রণয়নে সরকারকে এক সপ্তাহের সময় দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ না করে ফের সময় আবেদন করা হয়।

গত বছর সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গেজেট প্রণয়নে ত্রয়োদশ বারের মতো সময় নিল সরকার। বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ২০১৬ সালের ৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে। তবে ওই বছর ১১ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়,নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন।

তবে রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে ১২ ডিসেম্বর আপিল বিভাগ দ্বিমত পোষণ করেন। আদালত বলেছেন,রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হচ্ছে। বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন,এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। উল্লেখ্য,মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বর নির্দেশনায় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলাবিধি প্রণয়নের কথা বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন