News71.com
 Bangladesh
 15 May 17, 10:57 AM
 216           
 0
 15 May 17, 10:57 AM

রাষ্ট্রমালিকানাধীন ৪ টি ব্যাংক খেলাপি ঋণের রেকর্ড।।

রাষ্ট্রমালিকানাধীন ৪ টি ব্যাংক খেলাপি ঋণের রেকর্ড।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রমালিকানাধীন চারটি ব্যাংক খেলাপি ঋণে নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে। মাত্র এক বছরেই তাদের সাড়ে ১১ হাজার কোটি টাকার ঋণ নতুন করে খেলাপি হয়ে গেছে।এ সময় সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে জনতা ব্যাংকে। এরপরই রয়েছে অগ্রণী, সোনালী ও রূপালী ব্যাংক। এতে করে ২০১৬ সাল শেষে ব্যাংক চারটির খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। আর লোকসান গুনছে এমন শাখা বেড়ে হয়েছে ৪৪৬। চার ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন,সরকারি ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নেই বললেই চলে। বাছবিচার ছাড়া তদবিরে প্রভাবশালীদের দেওয়া হচ্ছে ঋণ। আরও রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের নজরদারির অভাব। এসব কারণেই সরকারি ব্যাংকগুলোর অবস্থা ধ্বংসের মুখে। এই পরিস্থিতির জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক,বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম এ নিয়ে বলেন,এখনো নতুন ঋণ দিয়ে পুরোনো খারাপ ঋণ ভালো করা হচ্ছে। ব্যাংকের এই পুরোনো রোগটা সারাতে রাজনৈতিক সদিচ্ছার দরকার। যেটা সরকারের নেই, আগের সরকারেরও ছিল না। ঋণখেলাপিদের কোনো বিচার হচ্ছে না, দেউলিয়া আদালত অকার্যকর। এ কারণে ঋণখেলাপিরা সাহস পাচ্ছে।
ব্যাংকগুলোর পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে,আগের পুনঃ তফসিল করা ঋণ আদায় করা যাচ্ছে না। এসব ঋণ রাজনৈতিক বিবেচনায় বিশেষ সুবিধা দিয়ে নিয়মিত করা হলেও তা ঠিক রাখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সরকারি তিন ব্যাংকের আগের এমডি কোনোভাবেই ভালো ছিলেন না। তাঁরাই এসব ঋণ দিয়েছেন। এরপরই জেনেশুনে সরকার তাঁদের মেয়াদ বাড়িয়ে ছয় বছর পর্যন্ত দায়িত্বে রেখেছিলেন। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দায়ী।

সোনালী ব্যাংকের এমডি ছিলেন প্রদীপ কুমার দত্ত,রূপালী ব্যাংকের এম ফরিদ উদ্দিন ও অগ্রণী ব্যাংকের সৈয়দ আবদুল হামিদ। এর মধ্যে আবদুল হামিদকে মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি দমন কমিশনের মামলায় তিনি দীর্ঘদিন পলাতকও ছিলেন। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সানুগ্রহ পেয়ে অপর দুই এমডিও পদে ছিলেন দীর্ঘদিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন