
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা নিয়েছেন হাইকোর্ট। ৬ মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে আগের নিয়মে ট্যাক্স আদায় করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। রায়পুর নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক মো. নিজামউদ্দিনসহ ৫ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে পৌরসভা করারোপ ও আদায় পদ্ধতি বিধিমালা-২০১৩ এর ২০(৩) বিধি অনুযায়ী রায়পুর পৌরসভা মেয়র কর্তৃক জারি করা নোটিশের ভিত্তিতে কর আদায় কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে পৌরসভা মেয়রসহ সংশ্লিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।