News71.com
 Bangladesh
 16 May 17, 11:31 AM
 544           
 0
 16 May 17, 11:31 AM

চলতি বছরের গত ৫ মাসেই ৭০ প্রতিষ্ঠান শুল্ক ফাঁকি দিয়েছে ৫৫৭ কোটি টাকা।।  

চলতি বছরের গত ৫ মাসেই ৭০ প্রতিষ্ঠান শুল্ক ফাঁকি দিয়েছে ৫৫৭ কোটি টাকা।।   

নিউজ ডেস্কঃ বন্ড সুবিধার অপব্যবহার করছে—নতুন করে এমন ৭০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেট অফিস। গত পাঁচ মাসে এসব প্রতিষ্ঠান সরকারকে ৫৫৭ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট অফিস থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য-প্রমাণ মিলেছে। শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে কাঁচামাল এনে পণ্য তৈরি করে সেটি রপ্তানি করার কথা থাকলেও রপ্তানি না করার প্রমাণ মেলায় ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্তদের কাছ থেকে এখন পর্যন্ত ২৭১ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে বন্ড কমিশনারেট অফিস। বাকি টাকা আদায়ের প্রক্রিয়া চলছে।

কর্মকর্তারা বলেছেন,চিহ্নিত ওই সব প্রতিষ্ঠান সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছে। প্রথম ধাপ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে জবাব পাওয়ার পর সেটি সন্তোষজনক না হলে জরিমানা করা হবে। লাইসেন্স স্থগিত কিংবা পুরোপুরি বাতিলও করা হতে পারে অথবা ওই সব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত করার পরিকল্পনাও রয়েছে। বন্ড কমিশনারেট অফিসের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসে ময়মনসিংহ,নরসিংদী,গাজীপুর, মুন্সীগঞ্জসহ ঢাকার আশপাশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে;যারা শুল্কমুক্ত সুবিধা নিয়ে আমদানি করা কাঁচামাল রপ্তানি পণ্য তৈরিতে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে।

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এক্সপেরিয়েন্স টেক্সটাইল লিমিটেড নামের একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অপরাধের প্রমাণ পেয়েছেন কমিশনারেট অফিসের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি সরকারকে ১০ কোটি ৪১ লাখ টাকা ফাঁকি দিয়েছে। মাহমুদ ডেনিমস নামের আরেকটি প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিয়েছে ৩৩ কোটি টাকা। গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ ডেনিমসের গুদামে ঘোষণার চেয়ে বেশি পণ্য পাওয়ার প্রমাণ মিলেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে খোলাবাজারে ছেড়ে দিয়েছে। মেসার্স সানইয়ার্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড, মোহনা প্যাকেজেস লিমিটেড,সৌরভ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং,নাহিদ প্লাস্টিক বিডি লিমিটেডও শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে খোলাবাজারে বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে।

বন্ডেড ওয়্যারহাউসের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন দেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। বন্ড সুবিধার অপব্যবহারের কারণে দেশীয় শিল্পের সর্বনাশ হচ্ছে বলে বছরের পর বছর ধরেই বলে আসছেন ব্যবসায়ীরা। ঢালাওভাবে বন্ড সুবিধা না দেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এর পরও থামছে না বন্ড সুবিধার অপব্যবহার। কাস্টমস বন্ড কমিশনারেটের হিসাব অনুযায়ী, বন্ডেড ওয়্যারহাউসের আওতায় প্রতিবছর শুধু আমদানি পর্যায়ে প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি শুল্ক-কর অব্যাহতি দিয়ে থাকে সরকার। স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির হিসাব বিবেচনায় নেওয়া হলে এর পরিমাণ আরো অনেক বেশি হবে। বন্ড কমিশনারেট অফিসের কর্মকর্তারা বলছেন,৩০ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব ছাড় দিয়ে আমদানি করা পণ্য যাতে খোলাবাজারে বিক্রি না হয়,তা প্রতিরোধ করতে যতসংখ্যক জনবল থাকা দরকার তা নেই। সে কারণে অডিটে শুল্ক ফাঁকি উদ্ঘাটন করা হলেও আদায় ঠিকমতো হয় না। তা ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও (ইপিজেড) বন্ড সুবিধার অপব্যবহার বাড়তে থাকায় ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। এসব অনিয়ম ঠেকাতে জনবল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে বন্ড সুবিধার অপব্যবহার ঠেকানোর কর্মকৌশল ঠিক করতে গত রবিবার বৈঠক করেছে ঢাকার বন্ড কমিশনারেট কার্যালয়। জানা গেছে,বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। একই সঙ্গে যারা রাজস্ব ফাঁকি দিয়েছে, তাদের কাছ থেকে দ্রুততার সঙ্গে টাকা আদায়ের পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র গত পাঁচ মাসে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে,তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—নরসিংদীর আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড—এক কোটি ৮০ লাখ,নারায়ণগঞ্জের বোনাফায়েড নিটিং মিলস লিমিটেড—এক কোটি ৪৮ লাখ, নারায়ণগঞ্জের মাইক্রো ফাইবার লিমিটেড—দুই কোটি ৫৫ লাখ ও তিথি টেক্সটাইল মিলস এক কোটি ৪৭ লাখ টাকা। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের তথ্য মতে,দেশে এখন ছয় হাজার ২৭০টি প্রতিষ্ঠানের নামে বন্ড লাইন্সেস রয়েছে। অবশ্য এর মধ্যে নিষ্ক্রিয় আছে দুই হাজার ৪৩৮টি;সক্রিয় আছে তিন হাজার ৮৩২টি প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ড সুবিধা পাচ্ছে পোশাক শিল্পে—দুই হাজার ৪৩৮টি। এখন পর্যন্ত অনিয়মের কারণে এক হাজার ৭৫৭ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন