
নিউজ ডেস্কঃ ভারতীয় নাগরিককে অপহরণের দায়ে আল আমিন (৩০) নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহমদনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আল আমিন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভালুকাকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের নংস্টইন জেলার রেজো ডেফাইমইতের ছেলে দাজেদ সিয়ানলিয়াকে (১৭) অপহরণ করে আল আমিন। ভারত-বাংলাদেশ সীমান্তের সুনামগঞ্জ এলাকা হয়ে তাকে অপহরণ করা হয়।
অপহরণের পর দাজেদ সিয়ানলিয়ার পরিবারের কাছ থেকে ভারতীয় ৬০ লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়। পরে উভয় দেশের পুলিশের উচ্চ পর্যায়ের তৎপরতায় গতকাল সোমবার রাতে পুলিশ উপজেলার আহমদনগর এলাকা থেকে অপহৃত দাজেদ সিয়ানলিয়ানকে উদ্ধার ও অপহরণকারী আল আমিনকে আটক করে। এ অভিযানের নেতৃত্ব দেন শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।