
নিউজ ডেস্ক : খুলনায় এক স্কুলছাত্রের হাতুড়ির আঘাতে আরেক ছাত্র নিহত হয়েছে। নিহত ওই ছাত্রের নাম হাসান শেখ। সে নগরীর গগন বাবু সড়কের ইউসেফ-কেসিসি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আদনান ভিকিকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানায়, হাসান, আদনানসহ এলাকার আরও কয়েকজন একসঙ্গে প্রতিদিন স্কুলে যেত ও ফিরত। রোববার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দুষ্টুমি করতে করতে হাসানের সঙ্গে আদনানের হাতাহাতি বেধে যায়।
এ সময় গগন বাবু সড়কের বাবুর ওয়ার্কশপের কাছে পৌঁছলে আদনান ভেতর থেকে হাতুড়ি নিয়ে এসে হাসানের মাথায় আঘাত করে। এতে হাসান অসুস্থ হয়ে পড়ে। পরে বাসায় ফিরে কয়েকবার বমি করলে তাকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথে তার অবস্থা আরও খারাপ হলে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার ভোরে হাসান মারা যায়।
হাসান গগন বাবু সড়কের মৃত অহিদুল হকের ছেলে। আর আদনান ট্যাঙ্ক রোডের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আদনানের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।