
নিউজ ডেস্ক : নাটোরে বাস মালিক সমিতির অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট সিংড়ায় বাস থামিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নাটোরের বাস মালিক ও শ্রমিকরা। সোমবার রাতে জেলা বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথ বৈঠক শেষে এই ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়। নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম জানান, সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলায় বাস মালিক সমিতি করে সিংড়ার ওপর দিয়ে চলাচল কারী সকল যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। প্রতিবাদ করায় তারা নাটোর বাস মালিক সমিতির নিয়ন্ত্রনাধীন বাসের স্টাফদের মারপিট করা সহ বাস ফিরিয়ে দেয়। এনিয়ে কয়েক দফা বৈঠক করার পরও চাঁদা উত্তোলন অব্যাহত রাখা হয়। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। বরং তারা প্রতিটি গাড়ি থেকে জোর পুর্ব ১৭০ টাকা করে চাঁদা আদায় করে।
সোমবার এনিয়ে প্রতিবাদ জানালে তারা রংপুর, দিনাজপুর ও বগুড়াগামী নাটোর সমিতির সকল বাস থেকে যাত্রি নামিয়ে দিয়ে নাটোরে ফেরত পাঠিয়ে দেয়। এই ঘটনার পর নাটোরের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ রাতে যৌথ বৈঠকে বসেন। বৈঠকে সিংড়ায় চাঁদাবাজি বন্ধের দাবীতে মঙ্গলবার থেকে সকল জেলা ও আন্তজেলা রুটে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত হয়। বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রশান্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম সাগর, বাস মালিক আব্দুর রশীদ প্রামানিক, বাবুল আক্তার, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরাম হোসেন, জেলা ট্রাক ,ট্র্যাক্টর ও ট্যাংক লরি মালিকসমিতির সভাপতি মোস্তারুল ইসলাম আলম প্রমুখ বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সোমবার রাত ৯ টার দিকে নাটোর বাস মালিক সমিতির প্রতিনিধি চাঁদা উত্তোলনের বিষয়টি সম্পর্কে একটি লিখিত পত্র প্রদান করেছে। কারা চাঁদাবাজির সাথে জড়িত তাৎক্ষনিকভাবে ওই প্রতিনিধির কাছে চাঁদাবাজদের নাম চাওয়া হয়। কিন্তু ব্যবস্থা গ্রহণের আগেই ধর্মঘটের ডাক দেওয়া হলেও তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। একটি দিনও সময় না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নেতৃবৃন্দের সাথে এবিষয়ে রাতেই কথা বলবেন।