
নিউজ ডেস্কঃ পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন,পুলিশ ও ফায়ার সার্ভিস এক সঙ্গে কাজ করছে। জঙ্গিবিরোধী অভিযান ও জঙ্গিবাদ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও পুলিশের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীতে জঙ্গিবিরোধী অভিযানে হতাহতদের পরিবারের কাছে নগদ অর্থ তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান আব্দুল মতিনের স্ত্রী মোছা. তানজেলা বেগমকে সাত লাখ টাকা ও মায়ের পক্ষে ভাই মোস্তাক মিয়াকে তিন লাখ টাকার চেক দেয়া হয়। রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযানকালে মারা যান মো. আব্দুল মতিন। এছাড়া ওই অভিযানে আহত পুলিশ পরিবারগুলোকেও আর্থিক সম্মাননা দেয় পুলিশ সদর দফতর।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন,গোদাগাড়ীর অভিযানের সময় এসপিকে বলেছিলাম জঙ্গিরা হামলা চালাতে পারে,সেজন্য নিরাপদ দূরত্বে থেকে অভিযান পরিচালনা করতে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। যুদ্ধের ময়দানে শুধু বিপক্ষই মারা পড়বে না,মাঝে মধ্যে নিজেদের লোকজনও আহত-নিহত হয়। তিনি বলেন,যতো ঝুঁকি আসুক না কেন আমরা পিছু হটবো না। অতীত অভিজ্ঞতার আলোকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে অভিযান পরিচালিত হওয়ায় সফলতা এসেছে।