
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর আদর্শ অনুসরণ ও অনুকরণ করেই বেগম জিয়া ভিশন - ২০৩০ ঘোষণা করেছেন বলেও তিনি জানান। বাণিজ্যমন্ত্রী আরো বলেন,যোগ্য ব্যক্তির আদর্শ গ্রহণ এবং অনুসরণ ও অনুকরণ করা ভাল লক্ষণ। এ জন্য বেগম জিয়াকে ধন্যবাদ। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও ৪ দিনব্যাপি সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চিত্রশালা প্লাজার মিলনায়তনে এ আলোচনা সভা ও গ্যালারি-২ এ সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীর শিরোনাম ‘বিশ্ব শান্তির দর্শন,জনগণের ক্ষমতায়ন’এর আলোকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্জন ও সাফল্যের বিশেষ সংবাদচিত্র প্রদর্শনী। এতে প্রায় ৫শ’ সংবাদচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। আরো বক্তৃতা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চেীধুরী সরাট,ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।