
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দফা অভিযান শেষ হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় দফা অভিযানে নতুন কোনো বোমা বা বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়নি। র্যা।বের বোম্ব ডিসপোজাল টিম আগের উদ্ধারকৃত বোমা,অ্যান্টি মাইন ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। অভিযানে ঢাকা থেকে আসা র্যারবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লে. কর্নেল মাহমুদ,র্যা ব ৬ এর কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম,ঝিনাইদহ র্যা বের অধিনায়ক মেজর মনির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
প্রেসব্রিফিংয়ে র্যা্বের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১টার দিকে পোড়াহাটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে সেলিম হোসেন ও প্রান্ত নামের দুই নব্য জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা নব্যজেএমবি'র সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মাধ্যমে বোমাসহ বিভিন্ন আইডি তৈরির বিস্ফোরক দ্রব্য আদান প্রদান করা হতো। ঝিনাইদহ জেলার আস্তানাগুলোতে বিস্ফোরক জমা করে বিভিন্ন আইডি তৈরি করা হতো। সেলিম হোসেন ও প্রান্ত'র কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।