
নিউজ ডেস্কঃ আজ বুধবার ঢাকার আগারগাঁওস্থ আইএএবি সেন্টারের বার্জার সেমিনার রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে,৮ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মহসিন হাবিব চৌধুরী- সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং);এ কে এম সাদেক নেওয়াজ- জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এবং আইএবি-এর পক্ষ থেকে স্থপতি কাজী গোলাম নাসির,প্রেসিডেন্ট আইএবি এবং এই প্রতিযোগিতার অ্যাওয়ার্ড কোঅর্ডিনেটর স্থপতি শাহনেওয়াজ মাসুদ বক্তব্য রাখেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০০৩ সাল থেকে দেশের প্রতিভাবান স্থপতিদের কাজকে স্বীকৃতি প্রদান করতে প্রতি দু’বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ইয়াং আর্কিটেক্ট বিভাগে তরুণ স্থপতিদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি মূল বিভাগে পুরস্কার দেওয়া হয় দেশের খ্যাতনামা স্থপতিদের। সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স,মাল্টি-ফ্যামিলি রেসিডেন্স,কমার্শিয়াল বা মার্কেন্টাইল,ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য এই ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে স্থপতিদের পুরস্কৃত করা হয়।
জনাব সাদেক নেওয়াজ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং জনাব মহসিন হাবিব চৌধুরী বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার-এর পটভূমি এবং বাংলাদেশের স্থাপত্যবিদ্যা চর্চার উপর এই প্রতিযোগিতার ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। স্থপতি শাহনেওয়াজ মাসুদ এই প্রতিযোগিতার বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।