
নিউজ ডেস্কঃ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে কোনো কারসাজি করা হয়নি বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন,আমি আমার সংখ্যাগুলোকে জানি,আমি আমার বিভাগের ওপর আস্থা রাখি। আজ বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ অবকাঠামো’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে গেছে বলে জিডিপির প্রবৃদ্ধি কম হবে,এটা ঠিক নয়। বিদেশ থেকে টাকা আসছে। তা অনেকটা ব্যাংকিং চ্যানেলের বাইরেও। এ বাস্তবতা মেনে নিতে হবে। পরিকল্পনামন্ত্রী বলেন,টাকার রং সাদা,কালো,হলুদ যা-ই হোক,তা বাংলাদেশে আসছে এবং তা জিডিপিতে অবদান রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত রবিবার সাময়িক হিসাবে জানায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২৪ শতাংশ। আজ বিএনপি এ নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে মুস্তফা কামাল বলেন,রাজস্ব আয়ে আট বছর ধরে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। রপ্তানি আয়েও প্রবৃদ্ধি আছে।