
নিউজ ডেস্কঃ রাজশাহী অঞ্চলে আবারও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের কবলে পড়ে রাজশাহীর চারঘাটে লিয়াকত হোসেন নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। পরে শুরু হয় ভারি বর্ষণ,চলে রাত সোয়া ৮টা পর্যন্ত। এ সময় মহানগরী বিদ্যুৎহীন হয়ে পড়ে। নিহত লিয়াকত মুক্তারপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ঝড়ের মধ্যে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান,ঝড়ে মধ্যে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই স্কুল শিক্ষক গাছের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।