
নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন,ধর্মের নামে হত্যা ও জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিকেই একমাত্র হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন,সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে। আর এ ক্ষেত্রে জাদুঘর বড় ভূমিকা রাখতে পারে।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানমালার আয়োজন করে জাতীয় জাদুঘর।
সংস্কৃতিমন্ত্রী বলেন,অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত জাদুঘরের সম্প্রসারণ করে চলেছে। দেশের জেলা,উপজেলায় নতুন নতুন জাদুঘর স্থাপন করছে। তিনি বলেন,আঞ্চলিক পর্যায়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে সরকার বিভিন্ন স্থানে আঞ্চলিক জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসাদুজ্জামান নূর বলেন,বাংলাদেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে যাত্রা করছে। এ যাত্রায় শুধু অর্থনৈতিক উন্নয়ন হলেই হবে না,সেখানে শিক্ষা ও সংস্কৃতির ছোঁয়াও থাকতে হবে। সেই লক্ষ্যে সরকার জাদুঘরগুলোকে আধুনিক করে গড়ে তুলতে সহযোগিতা করছে। তিনি বলেন,সরকার জাতীয় জাদুঘরকে শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী উন্মুক্ত করে দিয়েছে। এখন বিশ্বের যে কেউ,যে কোনো প্রান্ত থেকে জাতীয় জাদুঘরের যে কোনো গ্যালারি ঘুরে দেখতে পারবেন।