News71.com
 Bangladesh
 18 May 17, 10:39 PM
 203           
 0
 18 May 17, 10:39 PM

কারাগারের নিরাপত্তা আরও উন্নত করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ।। এইচ টি ইমাম

কারাগারের নিরাপত্তা আরও উন্নত করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ।। এইচ টি ইমাম

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন,কারাগারের নিরাপত্তা আরও উন্নত করতে সরকার বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে কারাবন্দিদের শ্রেণী বিন্যাস না থাকলেও অন্য অনেক দেশের চেয়ে এ দেশের কারাগারের ব্যবস্থাপনা অনেক উন্নত-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে কারাগারের শ্রেণী বিন্যাসের বিষয়টিও বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১৬ মে থেকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের সমন্বয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এ সম্মেলনে ২৮জন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা অংশ নেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

এইচ টি ইমাম বলেন,সম্মেলনে অন্যান্য দেশের কারা কর্মকর্তাদের সঙ্গে কারা সংশ্লিষ্ট তথ্য শেয়ারিং হয়েছে। এ তথ্য বিনিময় ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্মেলনে অংশগ্রহণকারী ১৪টি দেশ একই ছাতার নিচে থেকে একটি সংগঠনের ব্যানারে স্ব স্ব দেশের কারাগারের উন্নয়নে কাজ করতে পারে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারের সমস্যাগুলো সম্পর্কে অবগত রয়েছেন। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের ওপর লিখিত ‘কারাগারের রোজনামচা’র কথা উল্লেখ করে রাজনৈতিক উপদেষ্টা ইমাম বলেন, বঙ্গবন্ধুর সেই ডায়েরির কথাগুলো বিবেচনায় রেখে কারাগারের সমস্যাগুলো সমাধান করে আরও আধুনিক কারাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন