
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের সঙ্গে অস্ত্র উদ্ধারে যাওয়ার পর 'বন্দুকযুদ্ধে' ২০ মামলার আসামির মৃত্যু হয়েছে। নিহত মো. রাসেল ওরফে কালা রাসেল ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান,আজ শুক্রবার ভোরে দত্তপাড়া বিনিদিঘির পাড় এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। ওসি মোক্তার বলেন,ডাকাত রাসেলকে গতকাল বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেপ্তারের পর আজ শুক্রবার ভোরে তাকে নিয়ে পুলিশ আরও অস্ত্র উদ্ধার করতে যায়। পুলিশ জানিয়েছে,পুলিশ দেখে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ হন রাসেল। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি,একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মোক্তার।
তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ীর একটি পরিত্যক্ত ঘর থেকে রাসেল ও তার সহযোগী বাবলুকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের নামে নোয়াখালির চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা,ধর্ষণ,ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।