
নিউজ ডেস্কঃ শুক্রবার দুপুরে বাশঁখালী ঋষিধামে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত শ্রীগুরু মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানে প্রতিটি ধর্ম ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়েছিল। তিনি বলেন,মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।
ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ সুদর্শনানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে শ্রীগুরু সংঘের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী,চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহেনুর ও বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
প্রধান বিচারপতি ফলক উন্মোচন করে শ্রীগুরু মন্দির উদ্বোধন করেন এবং ঋষিধামের বিশাল এলাকা পরিদর্শন করেন। প্রধান বিচারপ্রতি বলেন,পৃথিবীতে যখন অনাচার বেড়ে যায় তখন মানবমুক্তির লক্ষ্যে আধ্যাত্মিক মহাপুরুষরা অবতীর্ণ হন। তারা মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জাগ্র্রত করার শিক্ষা দেন। অদ্বৈতানন্দ পুরী মহারাজের মতো মহাপুরুষরা মানবমুক্তির জন্য এ পৃথিবীতে এসেছিলেন।
তিনি বলেন,স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ আজীবন সাম্যের গান গেয়ে গেছেন। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই তার কাছে সমান সমাদৃত ছিলেন। তিনি বাঁশখালী ঋষিধাম এবং তুলসীধাম প্রতিষ্ঠা করে আধ্যাত্মিক সাধনার দ্বার উন্মোচন করেছিলেন।