
নিউজ ডেস্কঃ আজকের ক্ষুদে শিক্ষার্থীই আগামী দিনের বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রতি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশের স্বাধীন পতাকার দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশকে ভালবেসে একদিন এই ক্ষুদে শিক্ষার্থীরাই বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে। আজ শনিবার সকালে পৌরসদরের ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি আরো বলেন,লেখাপড়ার পাশাপাশি শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। আজকের এই ক্ষুদে খেলোয়াররাই একদিন ম্যারাডোনার মতো বিশ্ব খেলোয়ার হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়ধার হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার,আওয়ামীলীগ নেতা অ্যাপোলো নওরোজ সহ উপজেলার শতাধীক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা।