
নিউজ ডেস্কঃ জয়ের জন্য স্মার্ট,আধুনিক,সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,নির্বাচনে বিজয়ী হওয়ার কোনও বিকল্প নেই, এজন্য জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নকে মিনিংফুল করতে হবে। উন্নয়ন ও অর্জনের অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার আশা প্রকাশ করে দলের এই সাধারণ সম্পাদক বলেন,আসুন ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ও বিশ্বাসের সমন্বয়ে দলকে এগিয়ে নিয়ে যাই,এই হোক আজকের শপথ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,উপদেষ্টা পরিষদ,জাতীয় পরিষদ সদস্যরা,মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য,সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক,প্রচার ও প্রকাশনা,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।