
নিউজ ডেস্কঃ সরকার রামপাল বিদ্যুৎ প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়নি,বাতিল করেনি সুন্দরবনের চারপাশের শিল্প কারখানাগুলোর অনুমোদনও। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান বাতিল করে তাকে ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে জাতিসংঘের ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র। গত শুক্রবার বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ২১ সদস্যের কমিটি এই প্রস্তাব চূড়ান্ত করেছে। আগামী ২ থেকে ১২ জুলাই পোল্যান্ডে অনুষ্ঠেয় সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। সংস্থাটি বলছে, সুন্দরবন রক্ষায় বাংলাদেশকে করা তাদের ১০টি সুপারিশের মধ্যে ৮টিই বাস্তবায়িত হয়নি। সরকার কেবল সুন্দরবনের পাশে ওরিয়ন কয়লা বিদ্যুৎকেন্দ্রকে অনুমোদন দেয়নি এবং রামপাল প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাতিল করা হয়েছে বলে ইউনেসকোকে জানিয়েছে।
এর আগেও রামপাল প্রকল্প বাতিলের জন্য ইউনেসকো ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে তিন দফায় সরকারকে সুপারিশ করেছিল। সর্বশেষ গত বছর মার্চে সংস্থাটির একটি পর্যবেক্ষক দল সুন্দরবন সফর করে। তারা এই প্রকল্পের কারণে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে বলে মত দেয়। এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি,খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,সুন্দরবন রক্ষার দায়িত্ব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এবং বেশ কিছু শর্ত পালন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের অনুমতি পেয়েছি। আমরা যদি কোনো শর্ত ভঙ্গ করি, তাহলে পরিবেশ মন্ত্রণালয় তা দেখবে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য থাকবে কি থাকবে না,তা ওই মন্ত্রণালয় দেখবে। রামপাল প্রকল্পের কারণে যে সুন্দরবনের ক্ষতি হবে না,সে বিষয়ে আমরা ইউনেসকোর কাছে তথ্য-উপাত্ত তুলে ধরব।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,ইউনেসকোর এই কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্যারিসে সংস্থাটির প্রধান কার্যালয়ে যাচ্ছে। আগামী সোমবার সরকারি এ প্রতিনিধিদলটির সঙ্গে ইউনেসকোর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত সুন্দরবনের নাম যাতে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ না যায়, সে জন্য তারা ইউনেসকোর কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবে। অবশ্য রামপাল প্রকল্পের বিষয়ে এখনো পরিবেশগত ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন,আমরা বেশ কিছু শর্তে রামপাল প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) অনুমোদন দিয়েছি। আমরা আশা করি,ইউনেসকো আমাদের উদ্যোগ সম্পর্কে জানতে পেরে সন্তুষ্ট হবে।
গত শুক্রবার ইউনেসকোর ওয়েবসাইটে ৯৯টি বিশ্ব ঐতিহ্যবিষয়ক ১৯৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সুন্দরবন নিয়ে তাদের অবস্থান ও সুপারিশ সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে সংস্থাটি পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) ছাড়া সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পশুর নদ খনন না করা, সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধ করা,সুন্দরবন ঘিরে নির্মিত শিল্পকারখানা ও নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সেখানে কী ক্ষতি হচ্ছে, তা খতিয়ে দেখতে স্বতন্ত্র পর্যবেক্ষক দল গঠন করতে বলেছে। তাদের দিয়ে সুন্দরবনে এর প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। এ বিষয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন,রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি বিষয়ে ইতিমধ্যে বিশ্বমানের আটটি গবেষণা প্রতিবেদন সবার উদ্দেশে তুলে ধরেছি। তারপরও রামপাল প্রকল্প নিয়ে সরকার যেভাবে এগোচ্ছে,তাতে এই বন চিরতরে ধ্বংস হয়ে যাবে।
তিনি আরও বলেন,আমরা চাই সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান অটুট থাকুক। এখনো সময় আছে,সরকার এই প্রকল্প থেকে সরে আসুক।ইউনেসকোর প্রতিবেদনে আরও বলা হয়েছে,রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি হবে। এই আশঙ্কার পক্ষে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরার পরও সরকার প্রকল্পটি বাতিল করেনি। ২০১৪ সালে সুন্দরবনের তেলবাহী ট্যাংকারডুবির পর আরও তিনটি কয়লা ও সিমেন্টবাহী জাহাজডুবি হয়েছে। এসব দুর্ঘটনার কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হয়েছে কি না, তার কোনো প্রভাব সমীক্ষা করেনি সরকার।