News71.com
 Bangladesh
 21 May 17, 12:31 PM
 229           
 0
 21 May 17, 12:31 PM

ভিশন-২০৩০ ঘোষণা করায় বিএনপিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

ভিশন-২০৩০ ঘোষণা করায় বিএনপিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে অনুসরণ করে ‘ভিশন-২০৩০’ঘোষণার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিএনপিকে ধন্যবাদ দিয়ে বলেছেন,তবুও তো তারা একটা পথে এসেছে। জ্বালাও-পোড়াও,অগ্নিসংযোগ বাদ দিয়ে জাতির সামনে কিছু তুলে ধরেছে। গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সভাপতি হিসেবে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়। বিএনপির ভিশন-২০৩০ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন,আমরা দিয়েছি বলেই তারা দিয়েছে। যাই হোক, মানুষ তো মানুষকে দেখেই শেখে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তার কাছ থেকে সবাই শিখবে। এটা খুব স্বাভাবিক কথা। সে জন্য আমি তাকে (খালেদা জিয়া) ধন্যবাদ জানাই। অন্তত এত যুগ পরে তাদের একটু মাথায় এলো, তারা ভিশন-২০৩০ দিয়েছে। তারা শিখেছে। যদি নকল করেও পাস করতে চায়, করতে পারবে। সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে।

একই সঙ্গে বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন,যারা অর্থসম্পদ লুটপাট করে,মানি লন্ডারিং করে,এতিমের টাকা চুরি করে খায়,তারা এ দেশে দেবেটা কী? আমি যদি বিএনপি শাসনামল,২০১৩,২০১৪ ও ২০১৫ সালের তুলনা করি,তবে এই ভিশন একটা ভীষণ অগ্নিকাণ্ড করে মানুষ হত্যাকাণ্ড করা মাথায় আসে। আওয়ামী লীগ সভাপতি বলেন,তাদের ভিশনের প্রসঙ্গ এলে সামনে এসে যায় বিভীষিকাময় অবস্থা, যা সৃষ্টি করেছিল বিএনপি। যারা এই অবস্থা সৃষ্টি করেছিল, তারা জাতিকে কিছুই দিতে পারে না,এটাই হলো বাস্তবতা।প্রধানমন্ত্রী বলেন,বিএনপি ক্ষমতায় গেলেই লুটপাট করবে। হাওয়া ভবন,খোয়াব ভবন খুলে চাঁদাবাজি,ফুর্তি করবে, নতুন নতুন ভবন খুলবে।

জঙ্গিদের ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন,জঙ্গি মরলেই খালেদা জিয়া আহা, উহু করে। এর সঙ্গে তার যোগাযোগটা কী বের করতে হবে।জঙ্গিবাদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,এই যে নতুন এক উপসর্গ জঙ্গিবাদ,এরা এর মধ্য দিয়ে কী অর্জন করতে চায়? আমরা কঠোরভাবে এদের দমন করব। এর সঙ্গে যেই জড়িত থাক,আমার দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড়ব না।

শেখ হাসিনা বলেন,বিএনপি বলে তাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিল,জাতীয় পার্টি বলে তারা এত দিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে,তবে দেশ উন্নত হয়নি কেন?আওয়ামী লীগ যদি দেশের উন্নয়ন করতে পারে তারা পারেনি কেন? তাদের উদ্দেশ্য হলো লুটপাট করে খাওয়া আর সম্পদের পাহাড় গড়া। তা না হলে ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া যাদের ঘরে কিছুই ছিল না,তারা কোটি কোটি টাকা,অবৈধ সম্পদ ও বিশাল লঞ্চবহরের মালিক হয় কিভাবে? প্রধানমন্ত্রী বলেন,বিএনপি ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। আর পাকিস্তানিদের তোষামোদ করে। বিএনপি ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন