News71.com
 Bangladesh
 21 May 17, 05:52 PM
 198           
 0
 21 May 17, 05:52 PM

অপরাধের তালিকা থেকে মন্ত্রী এমপির পুত্রদেরও বাদ দেওয়া হচ্ছে না।। স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের তালিকা থেকে মন্ত্রী এমপির পুত্রদেরও বাদ দেওয়া হচ্ছে না।। স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিতে হবে। সে কারণে অপরাধের তালিকা থেকে সংসদ সদস্যও বাদ যাচ্ছে না,এমনকি মন্ত্রীর ছেলেকেও বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলা তদন্তে পুলিশের ওপর কোনো ধরনের চাপ নেই বলেও মন্তব্য করেন

আজ রবিবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে তিনি বলেন,বনানীর ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই কাজ করছে। এই ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী সুন্দর ও স্বাধীনভাবে কাজ করছে। কোনো ধরনের চাপ বা অনুরোধ নেই তাদের কাছে। গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে,তাদের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ। প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসেরও বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান। তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানি করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করা হয়।

গত ১১ মে সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এরপর দিন আদালতে তোলা হলে আদালত সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৫ মে সাফাতের দেহরক্ষী রহমতকে গুলশান থেকে এবং ড্রাইভার বিল্লালকে নবাবপুর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রহমতকে ৩ দিন এবং বিল্লালকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। আর ১৭ মে এ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমকে মুন্সিগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন