News71.com
 Bangladesh
 21 May 17, 05:56 PM
 337           
 0
 21 May 17, 05:56 PM

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা।।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লংঘন করে বাজেটভূক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য খাতে সাত কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ ব্যয় ও অনুদান দেয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।আজ রোববার দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অধ্যাপক এমএ মান্নান দায়িত্বে থাকাকালীন ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন স্মারকে নয় কোটি টাকা গাজীপুর সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের শর্ত ছিল ‘বাজেটভূক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ কোনো অবস্থাতেই ব্যয় করা যাবে না। স্যানিটেশন সুবিধা শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে বরাদ্দকৃত অর্থের ২০ ভাগ অর্থ স্যানিটেশন কাজে ব্যয় করতে হবে এবং অগ্রগতির প্রতিবেদন যথাসময়ে অত্র বিভাগের পাঠাতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক মঞ্জুরীকৃত ওই অর্থের আয়ন ও ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। গাজীপুর সিটি কর্পোরেশন বরাদ্দকৃত নয় কোটি টাকা অগ্রিম বিলের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে সিটি কর্পোরেশনের নিজস্ব হিসাব নম্বরে জমা রাখেন। পরবর্তীতে গাজীপুর পৌরসভার দরপত্র বিজ্ঞপ্তি নং ১/২০১২-১৩ মূলে বিজ্ঞপ্তিতে এবং বিভিন্ন বাস্তবায়িত প্রকল্পসমূহের মধ্যে বিল ও অনুদান বাবদ সাত কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা ব্যয় করেন। ২০১৪ সালের ২৩ জুলাই থেকে ২০১৫ সালের ২০ জানুয়ারি মেয়াদে ওই ব্যয়সমূহ করা হয়েছে। অর্থ বরাদ্ধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের শর্তানুযায়ী কোনো অবস্থাতেই অন্যখাতের বিল পরিশোধ বা অনুদান বাবদ এ অর্থ ব্যয়ের সুযোগ ছিল না।

মামলায় আরো উল্লেখ করা হয়,বিল পরিশোধ ভাউচারে স্বাক্ষরকারী গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (চ.দা.) ফাইজুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক) সুলতান মাহমুদ তাদের বক্তব্যে জানান,মেয়র অধ্যাপক মান্নানের নির্দেশনা মোতাবেক বিল প্রদান সংক্রান্ত ভাউচারে স্বাক্ষর করেছেন।

বাদী এজহারে উল্লেখ করেন,বরাদ্ধকৃত অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লংঘন করে বাজেটভূক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য খাতে ব্যয় এবং অনুদান বাবদ ব্যয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেয়া হয়নি। এতে প্রতীয়মান হয় ক্ষমতার অপব্যবহার করে অধ্যাপক এমএ মান্নান ব্যক্তিস্বার্থে নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা লংঘন করে অপরাধ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন