
নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের (রৌমারী উপজেলা) সদস্য পদে নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন আওয়ামী লীগের ২ প্রার্থী। আওয়ামী লীগের ৪ প্রার্থীর মধ্যে দলীয় সিদ্ধান্ত অনুসারে আজ সোমবার নজরুল ইসলাম ও আবিদ শাহরিয়ার জ্যাপলিন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। একই সঙ্গে দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হয় আব্দুল কাদেরকে। এদিকে দলের এই সিদ্ধান্ত মানেননি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু।
আজ সোমবার দুপুরে রৌমারী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রবু,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আবিদ শাহ নেওয়াজ তুহিন, সাংগঠনিক সম্পাদক আবিদ শাহরিয়ার জ্যাপলিন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু আহমেদ খোকা,বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের , যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ।
আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন জানান, দলের সিদ্ধান্তের বাইরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নিচ্ছে। এটা দলের শৃঙ্খলা বহির্ভূত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য,গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪ নম্বর ওয়ার্ডের একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করার কারণে এবং ওই প্রার্থী হাইকোর্টে রিট করলে নির্বাচন স্থগিত হয়। পরে হাইকোর্ট বিষয়টির নিষ্পত্তি করলে নির্বাচন কমিশন নির্বাচনের উদ্যোগ নেয়। নির্বাচনে ৫ ইউনিয়নের ৬৮জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে সদস্য নির্বাচিত করবে।