
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রী হয়রানি বন্ধ ও ল্যাগেজ হ্যান্ডেলিংয়ে আরো দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়েছে। আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন,অধ্যাপক মো. আলী আশরাফ,তানভীর ইমাম,মোঃ নজরুল ইসলাম চৌধুরী,কামরুল আশরাফ খান,মোঃ আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম সভায় অংশগ্রহণ করেন।
সভায় বেসামরিক বিমান চলাচল বিল ২০১৭ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ বিমানের লিজকৃত উড়োজাহাজ দীর্ঘদিন ধরে গ্রাউন্ডেড থাকার কারণ অনুসন্ধান করার জন্য গঠিত ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। বেসামরিক বিমান চলাচল বিল,২০১৭ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কমিটি বিলের কতিপয় ধারা ও উপধারা সংশোধন করে। সভায় এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়কে বৈঠক করে কমিটির পরবর্তী বৈঠকে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রদান করার পরামর্শ দেয়া হয়।
বাংলাদেশ বিমানের লীজকৃত উড়োজাহাজ দীর্ঘদিন ধরে গ্রাউন্ডেড থাকার কারণ অনুসন্ধান করার জন্য গঠিত ৩নং সাব-কমিটিকে আরও সঠিক তথ্য সংগ্রহের জন্য ১৫ কার্যদিবস সময় বৃদ্ধি করার সুপারিশ করা হয়। বিমানে ভিআইপিদের আসন বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সভায় বিমানবন্দর থেকে পুরাতন বিমান অপসারণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।