
নিউজ ডেস্কঃ সিদ্ধিরগঞ্জে এক বিধবার জমি প্রতিপক্ষের কাছ থেকে অর্থের বিনিময়ে জোর পূর্বক দখল করার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার দুই ইন্সপেক্টর ও একজন সাব ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়,আসমা বেগমের নামে বিধবা নারীর জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরাফত উল্লাহসহ পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক তাদের জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করেন নেন। প্রত্যাহার হওয়া পুলিশের অন্য দুই কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ও উপ-পরিদর্শক ফারুক হোসেন।
তাদের বিরুদ্ধে বিধবা নারী আসমা বেগমের জমি দখলে ভূমি দস্যুদের সহযোগিতা এবং ওই নারীর স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা পুলিশ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে আসমা বেগমের বক্তব্যের সত্যতা ও জমি দখলের প্রমাণ পায় জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওই তিন কর্মকর্তাকে মঙ্গলবার প্রত্যাহার করে নেন জেলা পুলিশ সুপার।
জানা গেছে,সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোহাম্মদ হোসেন আলী সাউদের বিধবা মেয়ে আসমা উত্তরাধিকার সূত্রে ৪৯ দশমিক ৫০ শতাংশ জমি পান। তার ওই জমির একাংশ জোর করে দখল করে নেন সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে সাকিব বিন মাহমুদ ও মো. মহসিন এবং নূর মোহাম্মদের ছেলে মনির। এই জমি দখলে সহযোগিতা করে পুলিশের ওই তিন কর্মকর্তা। এমনকি এর প্রতিবাদ করলে আসমার ভাই মোহাম্মদ আলী,তার জামাতার কর্মচারী মো. ওমর ফারুক ও ইমরান হোসেনকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান ওসি শরাফত উল্লাহ। ওসি সরাফত উল্লাহ'র বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হয়। পরে তা গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা পুলিশ সুপার তদন্তের জন্য একটি টিম গঠন করেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে আজ মঙ্গলবার পুলিশের ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেন পুলিশ সুপার।