
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এক দিনের সফরে আগামীকাল বুধবার সীমান্ত জনপদ টেকনাফ যাচ্ছেন। পুলিশ মহাপরিদর্শক টেকনাফের সদ্য নির্মিত থানা ভবন এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র ভবনটি উদ্ভোধন করবেন। এরপর তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, মাদক ও জঙ্গি বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখবেন।
পুলিশ মহাপরিদর্শকের টেকনাফ সীমান্ত পরিদর্শনকে ঘিরে সীমান্তের এই জনপদে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে সীমান্ত জনপদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা যে কোন ভাবে পুলিশ মহাপরিদর্শকের সীমান্ত পরিদর্শনকে উৎসবমূখর করে তুলতে মরিয়া হয়ে পড়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগন পুলিশ মহাপরিদর্শকের সমাবেশে বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতি নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পুলিশের কর্মকর্তারা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের সমাবেশে কমপক্ষে ৫ হাজার লোকের সমাবেশ করতে চান। উক্ত সংখ্যক লোকের সমাবেশ নিশ্চিত করতে স্থানীয় এমপি আবদুর রহমান বদির তরফেও গত দুইদিন ধরে সীমান্তে মাইকিং করা হচ্ছে। সীমান্তের নাম প্রকাশে অনিচ্ছিুক এক জনপ্রতিনিধি জানান,পুলিশের চাহিদা মাফিক দর্শক-শ্রোতার সমাবেশ ঘটাতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সীমান্তে এরকমও চাওর করা হচ্ছে যে,যত বেশী সংখ্যক লোকজন সমাবেশে সমবেত হবে ততই সীমান্তবাসীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে।