News71.com
 Bangladesh
 24 May 17, 10:02 PM
 235           
 0
 24 May 17, 10:02 PM

উন্নত দেশ গড়তে চাই আলোকিত মানুষ ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  

উন্নত দেশ গড়তে চাই আলোকিত মানুষ ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর   

নিউজ ডেস্কঃ ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ে উন্নীত হবে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,যারা প্রকৃত জ্ঞানে গড়ে উঠেন তারাই আলোকিত মানুষ হন। উন্নত দেশ গড়তে এখন চাই আলোকিত মানুষ। আমাদের সন্তানরা আলোকিত মানুষ হচ্ছে কিনা সেদিকে সকলকে নজর রাখতে হবে। আজ বুধবার দুপুরে নীলফামারী সরকারী কলেজে অনার্স ও ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাদক ও জঙ্গিবাদের বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন,মাদক এবং জঙ্গিবাদ এটি মস্তিস্কের ব্যাপার। যা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সন্তানদের প্রকৃত শিক্ষিত করতে পারলে মাদক গ্রহণ করবে কেন,জঙ্গিবাদ ধারণ করবে কেন ?

সংস্কৃতিমন্ত্রী বলেন,পরীক্ষার ফল কতটা ভালো করলাম,কি গ্রেড পেলাম,এটি নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আর ভালো ফল করার জন্য নিদিষ্ট কতগুলো প্রশ্ন মুখস্থ করলে প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। এজন্য সৃজনশীল হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন,প্রকৃত জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করতে হবে। এজন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে।

এ সময় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে নূর বলেন,প্রত্যেক মানুষের মধ্যে সৃজনশীলতা আছে,সেটিকে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। মুখস্থ করে তথ্য সংগ্রহ করা যায়,কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। আর ওই লেখাপড়া নির্ভর করে যিনি শিখছেন এবং যিনি শিখাচ্ছেন। মন্ত্রী বলেন,রাজনীতিতে নানা মত থাকতে পারে। কিন্তু রাজনীতির প্রধান লক্ষ্য হবে মানুষের কল্যাণ। ওই কল্যাণের রাজনীতির জন্য প্রয়োজন আলোকিত মানুষ। আমরা অন্ধকারের বাংলাদেশ চাই না। আলোর বাংলাদেশ চাই। এই আলোর বাংলাদেশ গড়তে জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন