
নিউজ ডেস্কঃ বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক হাজার ৩৩৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী সোলাইমান আলী মাস্টার। তার প্রাপ্ত ভোট ১২২। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান বেসরকারিভাবে ডা. মকবুল হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছেন। এদিকে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন পক্ষে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ তুলে অপর দুই প্রার্থী ভোট শেষ হবার দুই ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দিয়ে নতুন নির্বাচন দাবি করেছেন। স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বেলা ১২টায় ভোট বর্জনের এ ঘোষণা দেন।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা পরিষদে নির্বাচন হলেও উচ্চ আদালতে মামলার কারণে বগুড়ায় শুধু সদস্য পদে নির্বাচন হয়। স্থগিত থাকে চেয়ারম্যান পদের নির্বাচন। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু।