News71.com
 Bangladesh
 25 May 17, 10:54 PM
 180           
 0
 25 May 17, 10:54 PM

দেশীয় সংস্কৃতিসহ বাংলা ভাষার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ।।  

দেশীয় সংস্কৃতিসহ বাংলা ভাষার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ।।   

নিউজ ডেস্কঃ ইংরেজি মাধ্যম স্কুল (প্লে-গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত) পরিচালনায় ম্যানেজিং কমিটি গঠন,জাতীয় দিবস পালন,দেশীয় সংস্কৃতিসহ বাংলা ভাষার ওপর গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৫ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে এ রায় দেন। আদালতে দুটি রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল,অনিক আর হক,জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।

পরে আইনজীবী বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেনআদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য এ রায় পাওয়ার এক মাসের মধ্যে সার্কুলার দিয়ে সব ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এবং প্রতি তিন মাস অন্তর অন্তর আদালতের নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এটাকে কন্টিনিউয়াস মেন্ডামাস হিসেবে রেখে দিয়েছেন আদালত।

রায়ের নির্দেশনাগুলো হলো- বেসরকারি স্কুল নিবন্ধন অধ্যাদেশ ১৯৬২ অনুসারে স্কুলগুলোতে অভিভাবকসহ শিক্ষক প্রতিনিধি নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। শিক্ষক ও স্টাফ নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে। পেছনের দরজা দিয়ে কাউকে নিয়োগ দেয়া যাবে না। এতে মালিকপক্ষের কোনো প্রাধান্য থাকবে না। এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠার সময় কোনো প্রকার পুনর্ভর্তি ও সেশন চার্জ নেয়া যাবে না। কোন ধরনের ফি বাড়াতে হলে অভিভাবকদের মতামত নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ম্যানেজিং কমিটি ভর্তি ফি,টিউশন ফি নির্ধারণ করবে। এতে অভিভাবক প্রতিনিধির মতামত প্রাধান্য পাবে।

সব প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে। পাশাপাশি আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী রবীন্দ্র-নজরুল,বঙ্গবন্ধুসহ স্বাধীনতায় আত্মদানকারীদের জীবনী নিয়ে অনুষ্ঠান করতে হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ে পড়া,লেখা ও বলায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায় থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ২০১৪ সালর ২৩ এপ্রিল রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ ।

২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একটি দৈনিকে ‘ফ্রি-স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা তৈরির প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন দুই শিক্ষার্থীর অভিভাবক জাবেদ ফারুক। রুলে এসব স্কুলে মাসিক বেতন,পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে নীতিমালা তৈরি এবং তদারক সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। শিক্ষা সচিব,আইন সচিব,স্বরাষ্ট্র সচিব,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন