
নিউজ ডেস্কঃ ওয়াজ শেষে ফেরার পথে কুমিল্লার লালমাই এলাকা থেকে হেফাজত ইসলামের সমর্থক এক মুফতি মাওলানা মোস্তাকুন্নবী তার গাড়িচালক ও খাদেম নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ দিকে তাঁর সন্ধান চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সাথে তাদের সন্ধান দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জমিয়তে ওলামায় ইসলাম।
জানা গেছে,কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুধন্যপুর মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাওলানা মোস্তাকুন্নবী লক্ষীপুর জেলার টুনচর থেকে ওয়াজ মাহফিল করে নিজস্ব প্রাইভেটকারের করে (চট্ট মেট্রো-১১-২০৭৮) গত বুধবার রাত সোয়া বারোটার দিকে লালমাই আসার পর পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন।
লালমাই থেকে তাঁর বাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার সুধন্যপুরে আসতে ১৫ মিনিট লাগার কথা কিন্তু আজ বৃহস্পতিবার রাতেও বাড়ি ফিরেন নি। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন সুধন্যপুর মাদরাসার সভাপতি হাজী শরিফুল ইসলাম। এ দিকে মুফতি মাওলানা মোস্তাকুন্নবী ও তার গাড়ির ড্রাইভার এবং খাদেমসহ কোন খোঁজ না পাওয়ায় তাদের সন্ধানে দাবিতে বাংলাদেশ জমিয়তে ওলামায় ইসলাম এক সংবাদ সম্মেলন করে।