
নিউজ ডেস্কঃ ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় রংপুর,রাজশাহী,ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯%। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।