
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত সরকারের নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,গ্রিক গডেসের মূর্তি’ অপসারণের বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেন উন্নত করার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন,সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তাঁরা আচার আচরণ ও কথাবার্তায় বেপরোয়া হয়ে উঠছে। তিনি আরও অভিযোগ করেন,মফস্বলে কোনো সভা করতে গেলে তাঁরা একে অন্যকে ধাওয়া করছে। লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করছে।
ওবায়দুল কাদের বলেন,আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকানপাট এবং অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। এ জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম,ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর,জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর,পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন,সড়ক ও জনপথ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।