
নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,রাজাকার-জামায়াত-জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছাড়া পর্যন্ত বেগম জিয়া রাজনীতিতে খলনায়িকা হয়েই থাকবেন। তিনি আরো বলেন,বিএনপি নির্বাচন করলেই যে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে তারও কোন নিশ্চয়তা নেই। আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের মাটিডালি এলাকায় জেলা জাসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাসদ নেতা ইমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ সভাপতি বলেন,খালেদা জিয়া ক্ষমতায় থাকলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়,আর বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়।
তিনি আরো বলেন,সবাইকে নিয়ে নির্বাচনের অর্থ হচ্ছে রাজাকার-জামায়াত-আগুন-সন্ত্রাসীদের রাজনীতিতে পূনর্বাসনের ব্যবস্থা করা। যারা বিএনপি-জামায়াত-খালেদাকে নির্বাচনে আনার তদবির করেন,তারা মানুষ পোড়ানোর বিচারের কথা বলেন না কেন-এ প্রশ্ন উত্থাপন করে ইনু বলেন,খালেদা ক্ষমতায় থাকলেও মানুষ মারে,বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। তিনি সকল অশান্তির খলনায়িকা।