
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। আজ শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এসময় সাংবাদিক হাফিজুর রহমান টিয়ারশেল বিদ্ধ হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাঠিচার্জে আরো ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানায়,আন্দোলনকারীদের রাস্তা থেকে হঠাতে বিকেল ৫টার দিকে অ্যাকশনে যায় দুই শতাধিক পুলিশ। এসময় সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে পাঁচ দফা দাবিতে সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।