
নিউজ ডেস্কঃ রোজার শুরুতে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার বিকালে এক টুইটে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন,রহমতের সওগাত নিয়ে সমাগত পবিত্র রমজানের প্রারম্ভে আসুন আমরা মোনাজাত করি,অশুভের উপর হক, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়নতা বিজয়ী হোক। এ ব্যাপারে বিএনপি নেত্রীর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রমজানে এতিম-উলামা-মাশায়েখ,কূটনীতিক,পেশাজীবী,রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন খালেদা জিয়া।
প্রথম রোজায় এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এবং দ্বিতীয় রোজায় গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি। তিনি আরো বলেন,৩ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রিতে দলীয় নেতা-কর্মী,৪ জুন পেশাজীবী এবং ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন বিএনপি চেয়ারপারসন।