
নিউজ ডেস্কঃ তিস্তা সেচ প্রকল্পের ১২৭ কিলোমিটার সেচ খালের পানিতে শুরু হয়েছে মাছ চাষ। ওই মাছ চাষ সফল করতে আজ সোমবার দুপুরে পানি উন্নয়ন বোড ও মৎস বিভাগের কর্মকর্তাদের বিভাগীয় পর্যায়ের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের অবসরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। মৎস্য বিভাগের উপ-পরিচালক মো. রফিক উদ্দিন বিশ্বাস বলেন,পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন তিস্তা সেচ প্রকল্পের ১২৭ কিলোমিটার সেচ খালে মৎস্য বিভাগের উদ্যোগে গত বছর থেকে মাছ চাষ শুরু হয়েছে। ওই খালে সেচ প্রদানের পাশাপাশি সুষ্ঠুভাবে মাছ চাষ করার লক্ষ্যে পানি উন্নয়ন বোড ও মৎস বিভাগের মধ্যে সমন্বয়ের জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় উভয় পক্ষের সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা হয়। বিদ্যমান সমস্যা নিরসনে সিদ্ধান্ত নেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হাকিম বলেন,সেচ এবং মাছ চাষ একসাথে চলার লক্ষ্যে আমরা বিদ্যমান সমস্যা সমূহ চিহ্নিত করে সভায় আলোচনার মাধ্যমে সমাধানের পদক্ষেপ নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন,আমাদের মাছের দরকার,সেচের জন্য পানিও দরকার,কিভাবে সমন্বয় করলে ভালো হবে,সেই পরিকল্পনার জন্যই এ সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের সেচ খালে মাছ চাষের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে ২০১৫ সালের ৬ ডিসেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা অনুযায়ী তিন হাজার ৩৪৭ সুবিধাভোগী পরিবার নির্বাচন করে সেচ খালের পানিতে মাছের পোনা অবমুক্ত করেন মৎস বিভাগ। এর আওতায় রয়েছে নীলফামারী জেলা সদর,ডিমলা,জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা এবং রংপুর ও দিনাজপুর জেলার কিছু অংশ।