
নিউজ ডেস্কঃ বাংলাদেশের পর্যটকদের ভারতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ সহজ করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী,২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বাংলাদেশি পর্যটকেরা এত দিন ভারতের ভিসার আবেদনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে যে বন্দর উল্লেখ করতেন,তার বাইরে অন্য কোনো বন্দর ব্যবহার করতে পারতেন না। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্টের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না। আজ সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরও সুগম করার লক্ষ্যে সংশোধিত নির্দেশিকাটি জারি করা হয়েছে।
ভারতের যে ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দরে নিষেধাজ্ঞা থাকছে না,সেগুলো হচ্ছে আহমেদাবাদ,আমৌসি (লক্ষ্মৌ),বারানসি, বেঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন,কোয়েম্বাটোর,ডাবোলিম (গোয়া),দিল্লি,গোয়া,গুয়াহাটি,হায়দরাবাদ, জয়পুর,কলকাতা,ম্যাঙ্গালোর,মুম্বাই,নাগপুর,পুনে, অমৃতসর,ত্রিচি,ত্রিবান্দ্রম,বাগডোগরা ও চণ্ডীগড়।