
নিউজ ডেস্কঃ দুনীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন,দুনীতি দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক অঙ্গিকার। বর্তমান সরকার দেশের দুর্নীত দমনে রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করছে। দুনীতি দমনের জন্য এবারের বাজেটে আমরা যে পরিমান অর্থ চেয়েছি তা পেয়েছি। এটা দুর্নীতির বিরুদ্ধে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ।আজ সোমবার দুদক কার্যালয়ে দুদকের সঙ্গে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিআইবির ও দুদকের মধ্যে দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য দুই বছর চার মাস মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে গণশুনানির কার্যকারিতার ওপর গবেষণা,অ্যাডভোকেসি,সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম, ব্যবস্থাপনা সংক্রান্তে বিষয়াদিসহ মোট ১৫টি বিষয়ে দুর্নীত দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,টিআইবি বিভিন্ন ইস্যুতে দুর্নীতি দমন কমিশনসহ অনেক প্রতিষ্ঠানের সমালোচনা করে থাকে। দুর্নীতি দমন কমিশন সমালোচিত হয়েও,সেই সমালোচক প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমালোচক ও সমালোচিত এক সংগে যে কাজ করতে পারে তা একটি অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন,দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে একত্রে কাজ করবে। দুর্নীতির শেকড়ের অনুসন্ধান করে তা উত্পাটনের চেষ্টা করা হবে। দুদক চেয়ারম্যান বলেন,দুর্নীতির কারণেই মানুষ সরকারি সেবা পায়না,কালো টাকার সৃষ্টি হয়,সেই টাকাই বিদেশে পাচার হয়,দুর্নীতির টাকাই সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে ব্যবহূত হয়। আর ক্ষতিগ্রস্ত হয় দেশের জনগণ,সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পরবর্তী প্রজন্ম। আমরা সবাই মিলে এমন একটা দেশ রেখে যেতে চাই যেখানে দুর্নীতির কালো ছায়া থাকবে না।