
নিউজ ডেস্কঃ ফরিদপুরে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন,দলের কেন্দ্রীয় নেতা ফরিদপুরের সদরপুর উপজেলার আবদুল কাদের মোল্লা ও শহরের পশ্চিম খাবাশপুর এলাকার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুর পরেও তাঁদের আদর্শিক আন্দোলন অব্যাহত রয়েছে। তাঁরা বলেন,চারদলীয় জোট সিদ্ধান্ত নিলে জামায়াত জাতীয় নির্বাচনে অংশ নেবে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে এক কথা বলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তাঁরা ন্যায়বিচার পাননি। সাজাপ্রাপ্ত ফরিদপুরের ওই দুই নেতার অনুপস্থিতিতে দলে সাময়িক শূন্যতা সৃষ্টি হয়েছে। তবে আদর্শিক আন্দোলন কোনো ব্যক্তি বিশেষের অনুপস্থিতিতে স্থবির হয়ে যায় না। আদর্শিক আন্দোলন চলছে । এখন তাঁরা একটি ক্রান্তিকাল পার করছেন।
জামায়াত নেতারা জানান,তাঁদের চারদলীয় জেট সিদ্ধান্ত নিলে তাঁর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। জোটে থাকলেও জামায়াত একটি আলাদা সত্তা। তাই ধানের শীষ নয়,অন্য কোনো প্রতীকে তাঁরা নির্বাচন করবেন। ইফতার মাহফিলে ফরিদপুর জেলার আমির আবদুস তাওয়াব,নায়েবে আমির মো. খালেছ,জেলা সেক্রেটারি মো. বদরুদ্দিন,পৌর আমির ইমতিয়াজ উদ্দীনসহ জেলা ও শহর কমিটির নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকেরা উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী বহু বছর থেকে প্রতি রমজান মাসে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে।
জামায়াত নেতারা বলেন,তাঁরা স্থানীয় প্রশাসনের অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রায় এক বছর তাঁরা মামলা ও গ্রেপ্তারির হয়রানিতে ছিলেন। জেলায় তাঁদের শতাধিক কর্মীর বিরুদ্ধে ২৮ রকমের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। ইদানীং নতুন করে মামলা দেওয়া না হলেও তাঁদের প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। দলের কার্যালয়ে বসেই তাঁরা ঘরোয়া রাজনীতির মতো তাঁদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।