
নিউজ ডেস্কঃ ফরিদপুরে ২য় শ্রেণির স্কুল ছাত্র তাজ মোহাম্মদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন সিপন সরদার,হেমায়েত সরদার ও আক্তার মুন্সি। এদের মধ্যে রায় ঘোষণার সময় হেমায়েত সরদার উপস্থিত ছিলেন। এছাড়া বুলু সরদার ও সাকের সরদার নামের দুইজনকে খালাস দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান,জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর থেকে গত ২০১১ সালের ১৬ জুলাই স্কুল ছাত্র তাজ মোহাম্মদকে অপহরণ করে আসামিরা। পরদিন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি পাট ক্ষেত থেকে শিশু তাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাজের পিতা হারুনুর রশিদ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক আজ দুপুরে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরাধ প্রমানিত না হওয়ায় ২ জনকে খালাস প্রদান করেন।