News71.com
 Bangladesh
 06 Jun 17, 04:12 PM
 194           
 0
 06 Jun 17, 04:12 PM

ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের আর্থিক অনুদান দিচ্ছে বাংলাদেশ সরকার।। জাতিসংঘের মহাসাগর সম্মেলনে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের আর্থিক অনুদান দিচ্ছে বাংলাদেশ সরকার।। জাতিসংঘের মহাসাগর সম্মেলনে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বতর্মান সরকার এসডিজি-১৪ বাস্তবায়নে ৮ মাসব্যাপী ইলিশ মাছ এবং ৬৫ দিনব্যাপী সব ধরনের মাছ ধরাকে বাধ্যতামূলক নিষিদ্ধ করেছেন। এ সময়ে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের বিকল্প জীবিকা হিসেবে সরকারিভাবে আর্থিক অনুদানও প্রদান করছেন। গতকাল সোমবার জাতিসংঘে সদর দপ্তরে ওশান কনফারেন্স বা মহাসাগর সম্মেলনের পাশাপাশি ‘বাংলাদেশ টুওয়ার্ডস দ্য সাসটেইন্যাবল ব্লু ফিউচার: ফিজক্যাল ইনসেনটিভস টু অ্যাসিভ এসডিজি-১৪’ শীর্ষক এক সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশিদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মহাসাগর সম্মেলনে অংশ নিচ্ছেন। সাইড ইভেন্টে প্রদত্ত স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন,এসডিজি'র সময়-নির্দিষ্ট ও উচ্চাভিলাষী লক্ষ্যসমূহ অর্জনের জন্য জাতীয়,আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের সহযোগিতামূলক ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। অন্যথায় এসডিজির অর্জন ব্যাহত হতে পারে। এক্ষেত্রে উপযুক্ত আর্থিক প্রণোদনার প্রয়োগ ঘটাতে হবে। ”

আইআইইডি’র প্রতিনিধি ড. ইসসাম ইয়াসসিন মোহাম্মদ এর সঞ্চালনায় এই ইভেন্টে প্যানেলিস্ট ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর সচিব রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশিদ আলম, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশিদ সুমাইলা এবং ওইসিডি’র প্রতিনিধি ক্যাটিয়া কারোওসাকিস ও রজার মার্টিনি। এসডিজি-১৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে এবং টেকসই নীল ভবিষ্যতের জন্য আর্থিক প্রণোদনা কিভাবে অবদান রাখতে পারে এ বিষয়ে প্যানেল সদস্যরা মূল্যবান মতামত প্রদান করেন। তাঁরা মৎস্য ভর্তুকির বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেন।

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর সচিব তাঁর বক্তব্যে এজেন্ডা ২০৩০ এর উন্নয়নমূলক, সামাজিক ও পরিবেশগত দিকসমূহের ভারসাম্য রক্ষার্থে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশের ম্যানগ্রোভ বনের গুরুত্ব এবং এই বন রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তিনি আলোকপাত করেন। এছাড়া মৎস্যচাষ, জাহাজ নির্মাণ, সামুদ্রিক বাণিজ্য, লবণ উৎপাদন, সমুদ্র ভিত্তিক নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং ব্লু বায়োটেকনোলজির মতো বিষয়গুলোতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন