
নিউজ ডেস্কঃ বৃদ্ধা মা’কে মারধর করেছেন এক সন্তান-এমন অভিযোগের ভিত্তিতে বয়স্ক ওই সন্তানকে পাল্টা মারধর করে গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব চৌধুরি রবিন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল সোমবার রাতে রবিনকে বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়,সম্প্রতি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক বৃদ্ধাকে (৭৮) পারিবারিক বিরোধের জের ধরে মারধর করেন তার ষাটোর্ধ ছেলে। নিজ এলাকার এ খবরটি পেয়ে সেখানে ছুটে যান ছাত্রলীগ নেতা রবিন। পরে তিনি ওই সন্তানকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেন এবং ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন। পাশাপাশি তিনি তার ফেসবুকে এ ঘটনার স্বপক্ষে লেখালেখিও করেন। গতকাল সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলে নবনির্বাচিত সভাপতি রবিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আব্দুল মোতালেব চৌধুরি রবিনকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ছাত্রলীগ নেতা রবিনের সাথে আজ মঙ্গলবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সোনাগাজী থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, মারধরের শিকার ব্যক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।