News71.com
 Bangladesh
 06 Jun 17, 07:30 PM
 164           
 0
 06 Jun 17, 07:30 PM

ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৮৬ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ।। সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  

ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৮৬ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ।। সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন,ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে এ পর্যন্ত ১৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এছাড়া ৮৬টি ওষুধ উৎপাদনকারী কোম্পানীর লাইসেন্স সাময়িক বাতিল কারা হয়েছে। ৬১টি পদের ওষুধ রেজিস্ট্রেশন বাতিল এবং ১৪টি পদের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে। একইসঙ্গে এসব কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনের আজ মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাসদের এমপি বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান,ভেজাল,নকল ও মানহীন ওষুধ বিক্রি বন্ধে সরকার ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে ১৫০টি ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে অনুমোদন প্রদান করেছে। মডেল ফার্মেসী থেকে জনগণ মানসম্মত ওষুধ কেনার পাশাপাশি ওষুধের ব্যবহারবিধি সর্ম্পকে সঠিক ধারণা পাবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ্যাকসেস টু ইনফরমেশন’প্রোগ্রামের সহায়তায় ওষুধের বিরূপ প্রতিক্রিয়া,নকল ওষুধ চিহ্নিতকরণ এবং ওষুধের নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয়ের বিষয়ে অনলাইন ভিত্তিক রিপোর্টিংয়ের জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল এপ্লিকেশন শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম বর্তমানে পাইলটিং পর্যায়ে রয়েছে। এই সফটওয়ারের মাধ্যমে জনগণ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে রিপোর্ট করতে পারবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান,সরকারের আন্তরিকতা ও উদারনীতির ফলে বাংলাদেশের ওষুধশিল্প অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। দেশীয় চাহিদার শতকরা ৯৮ ভাগের বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রফতানি হচ্ছে। ওষুধ রফতানির পরিমাণ ও দেশের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,হিমোফিলিয়া ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় হিমোফিলিয়ার ৩ হাজার রোগী আছে। এ রোগীদের চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। তবে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সুবিধা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন