News71.com
 Bangladesh
 06 Jun 17, 07:46 PM
 179           
 0
 06 Jun 17, 07:46 PM

বাজারে আসছে উন্নতমানের ১০০ ও ৫০০ টাকার নতুন নোট।।  

বাজারে আসছে উন্নতমানের ১০০ ও ৫০০ টাকার নতুন নোট।।   

নিউজ ডেস্কঃ বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী শতভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ ও ৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে। আগামী ১১ জুন থেকে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে অন্যান্য অফিস থেকে নতুন নোট ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নতুন ব্যাংক নোটে ৪ মিমি প্রশস্ত নিরাপত্তামূলক কাইনেটিক স্টারক্রম সুতা সংযোজন করা থাকবে। ১০০ টাকা মূল্যমানের নোটের দৈর্ঘ্য ১৪০ মিলিমিটার ও প্রস্থ ৬২ মিলিমিটার। অপরদিকে ৫০০ টাকা নোটের পরিমাপ হবে দৈর্ঘের ১৫২ মিলিমিটার ও প্রস্থে ৬৫ মিলিমিটার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরে এসব ব্যাংক ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নোটের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ টাকার নতুন নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে স্টারক্রোম নামক লাল রংয়ের নিরাপত্তা সুতা এবং উজ্জ্বল রূপালী বার এর সমন্বয়ে পেঁচানো (ট্যুইস্টেড) অবস্থায় দেখা যাবে। ৫০০ টাকার নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে স্টারক্রোম নামক লাল রংয়ের নিরাপত্তা সুতা এবং উজ্জ্বল স্বর্ণালী বার এর সমন্বয় পেঁচানো অবস্থায় দেখা যাবে। বর্ণিত নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে বা আলোর বিপরীতে দেখলে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’, ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখাটি দেখা যাবে। ‘১০০ টাকা’ এবং ‘৫০০ টাকা’ টাকা লেখা কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ এবং আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভিতরে অবস্থান করবে। ১০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের উভয় নোট বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে এর হলোগ্রাফিক (স্টারক্রোম) অংশের রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে উপর থেকে নীচে চলতে দেখা যাবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’ ও ‘৫০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যথাক্রমে ৩টি ও ৪ টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ৫০০ টাকা মুল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন