News71.com
 Bangladesh
 13 Jun 17, 03:41 PM
 270           
 0
 13 Jun 17, 03:41 PM

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সুইডেন পথে শেখ হাসিনা

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সুইডেন পথে শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এক সফরে সুইডেনের উদ্দেশে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন । সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। সুইডেনে বাংলাদেশের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের এটিই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সফরে শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আজ দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।


লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি শেষে তিনি ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা হবেন। রাত ৯টা ৪০ মিনিটে স্টকহোমের অরিয়ান্দা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমান বন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হোটেলে নিয়ে যাওয়া হবে। সুইডেন সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।

১৫ জুন প্রধানমন্ত্রী সুইডিশ পার্লামেন্টে যাবেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে বৈঠক করবেন। পরে শেখ হাসিনা রয়্যাল ক্যাসলে সুইডিশ রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে এদিনই দুপুরে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সুইডিশ প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন